
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিতাস নদীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৬ টি নৌকার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী।
এ সময় দুই পাড়ে দেখা যায় হাজারো মানুষের উচ্ছ্বাস, করতালি আর আনন্দধ্বনি। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে উপভোগ করেন বাংলার চিরায়ত নৌকাবাইচ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিপুর ইউনিয়নের জমিদার বাড়ি থেকে নরহা গ্ৰামের ঈদগাহ পর্যন্ত নদীপথে অনুষ্ঠিত হয় জমজমাট এ প্রতিযোগিতা। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন এলাকার নৌকা।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম, নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরীর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।









