
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় জিরা, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, বাসমতি চাল, বাজি, হেয়ার অয়েল, গরু, স্কিন শাইন ক্রিম ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










