বুধবার ১১ নভেম্বর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ও জন্মনিবন্ধন নিয়ে নতুন নিয়ম

রাইজিং ক্যাম্পাস

তীব্র গরমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

বেসরকারি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঁচ বছর বয়সী শিশুরা সাধারণ নিয়মে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত বয়স ছয় বছর। বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছরের শিথিলতা বা অতিরিক্ত সুবিধা দেওয়ার বিধান রাখা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল। নতুন নীতিমালায় তা এক বছর বাড়িয়ে ছয় বছর করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ নিয়মে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এ ছাড়া প্রতি শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালায় শিক্ষাবর্ষ গণনার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়েছে। প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ হিসেবে গণ্য হবে। শিক্ষাবর্ষ শুরুর আগেই পরিচালনা কমিটির সভা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করতে হবে।

তবে একই ক্যাচমেন্ট এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যেন একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখতে বলা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শ নিয়ে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করতে হবে।

নতুন ভর্তি নীতিমালার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ, আসনসংখ্যা ও পরীক্ষার সময়সূচি নিয়ে আরও সুশৃঙ্খল ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন