
ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরে নিজের মালিকানাধীন সৌদিয়া ব্রিকস ফিল্ডের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন জসিম অভিযোগ করেন, দলের অভ্যন্তরে একটি সিন্ডিকেট নিজেদের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করছে। এতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দল ও অঙ্গসংগঠনের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের রাজনৈতিক জীবনের বর্ণনা দিতে গিয়ে জসিম জানান, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল এবং ফেনী জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তবে দলীয় পদ-পদবি থেকে সরে দাঁড়ালেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জসিম আরও অভিযোগ করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বিনা কারণে বহিষ্কার করা হচ্ছে। অন্যদিকে, একটি গোষ্ঠী ফেনীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা করছে। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।
এ সময় ফেনী বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন জাকির হোসেন জসিম।










