
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) আইন বিভাগ এবং বাইউস্ট ল’ ক্লাবের উদ্যোগে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন উপলক্ষে “Bangladesh Intellectual Property Regime: Legal Framework, Protection Mechanisms and Judicial Practice” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক এবং বাইউস্ট ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো. নায়ীম আলীমুল হায়দার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর সহকারী পরিচালক মো. বেলাল হোসেন।
সেমিনারে বাংলাদেশের মেধাস্বত্ব ব্যবস্থার আইনগত কাঠামো, অধিকার সুরক্ষার কার্যকর ব্যবস্থা, বিচারিক অনুশীলন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, শিল্প-নকশা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, উদ্ভাবন, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে মেধাস্বত্ব অধিকার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বাইউস্ট ল’ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রধান আলোচক মেধাস্বত্ব নিবন্ধন, অধিকার প্রয়োগ এবং আইনগত প্রতিকার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে ড. মো. নায়ীম আলীমুল হায়দার বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে মেধাস্বত্ব আইন সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা বিকাশ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্বে আইন বিভাগের পক্ষ থেকে প্রধান আলোচককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটোসেশনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং ল’ ক্লাবের সহ-উপদেষ্টা তানজিলা তামান্না। সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক শাদাব বিন আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুমা জাহান। এছাড়া সেমিনার সফলভাবে সম্পন্ন করতে বাইউস্ট ল’ ক্লাবের কার্যনির্বাহী সদস্যরা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।









