
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীর প্রতি বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।
রাষ্ট্রপতি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের মধ্যে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট ও অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সম্প্রীতি দেশের অগ্রগতি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।









