
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (২৮ জুন) ফেনী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফেনীর মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার মোট ১ হাজার ১৩৮টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ১২৪টি অস্থায়ী কেন্দ্র, ৭টি স্থায়ী কেন্দ্র এবং ৭টি ভ্রাম্যমাণ কেন্দ্র।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সব মিলিয়ে ফেনী জেলায় ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবী সদস্যের পাশাপাশি স্বাস্থ্যকর্মীসহ মোট ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৩৫০ জন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা ও শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।










