
ফেনীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমের অংশ হিসেবে শহরের তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন শেষে সরকার নির্ধারিত সেবার মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় আল আমিন জেনারেল হাসপাতালকে জরিমানা করা হয়েছে।
রোববার (৬ জুলাই) ফেনী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নির্দেশনায় সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন টিম এ অভিযান পরিচালনা করে।
পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মান, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা কার্যক্রম এবং সরকারি বিধি-বিধান অনুসরণের বিষয়গুলো যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে সরকার নির্ধারিত সেবার মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় আল আমিন জেনারেল হাসপাতালের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী টিমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার সজল এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দিন।
ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্য সেবা পায় সে লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।









