বুধবার ২৭ মে, ২০২৬

ফেনী পৌরসভায় কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ প্রস্তুতি, ৭ ঘণ্টায় শহর পরিষ্কারের পরিকল্পনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Feni Municipality
ফেনী পৌরসভা/ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা। পৌরসভার ১৮টি ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনার জন্য ১৪টি বিশেষ টিম গঠন করা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, কোরবানির দিন মাত্র ৭ ঘণ্টার মধ্যেই শহর পরিচ্ছন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা জানান, প্রতিটি টিমে একজন সুপারভাইজারের নেতৃত্বে কয়েকজন সদস্য কাজ করবেন। কোরবানির দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং সন্ধ্যা ৭টার মধ্যে পুরো শহর পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, এবার পৌর এলাকায় প্রায় ৯ হাজার থেকে ১২ হাজার পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে পৌরবাসীর মাঝে ১০ হাজার বর্জ্য সংরক্ষণ ব্যাগ বিতরণ করা হয়েছে।

এছাড়া ড্রেন, নালা-নর্দমা কিংবা খাল-বিলের পাশে পশু কোরবানি না করার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মোহাম্মদ আল আমিন সরকার বলেন, “যথাসময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। পুরো কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়।”

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনেও পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন