বুধবার ১৮ মার্চ, ২০২৬

প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান ৫০তম

রাইজিং কুমিল্লা অনলাইন

ড. মুহাম্মদ ইউনূস/ছবি: পিআইডি

জর্ডানভিত্তিক বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ (The Muslim 500) শিরোনামের এই তালিকায় এবছরও স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন।

উল্লেখ্য, তালিকায় তাকে “Interim Prime Minister of Bangladesh” (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী) হিসেবে উল্লেখ করা হয়েছে।

শীর্ষ ১০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব

এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি (১ম)। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি (২য়) এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ (৩য়)।

শীর্ষ দশের তালিকায় এরপরই যথাক্রমে রয়েছেন:

  • ৪র্থ স্থান: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি
  • ৫ম স্থান: জর্ডানের বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন
  • ৬ষ্ঠ স্থান: আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব
  • ৭ম স্থান: তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান
  • ৮ম স্থান: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ
  • ৯ম স্থান: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান
  • ১০ম স্থান: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

শীর্ষ ৫০-এ আরও যারা-

শীর্ষ ৫০ জনের তালিকায় আরও যারা স্থান করে নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

  • ইরাকের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসেইন আল-সিস্তানি (১১তম)
  • মরক্কোর রাজা এইচ এম মুহাম্মদ (ষষ্ঠ মোহাম্মদ) (১২তম)
  • স্কলার ও শিক্ষাবিদ, সৌদি আরবের শেখ সালমান আল-আওদা (১৩তম)
  • সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (১৪তম)
  • ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো (১৫তম)
  • ভারতের মাওলানা মাহমুদ মাদানী (১৬তম)

এছাড়াও তালিকায় আছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, যুক্তরাষ্ট্রের শেখ হামজা ইউসুফ হ্যানসন, বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে, পাকিস্তানের মাওলানা তারিক জামীল, যুক্তরাজ্যের স্কলার ড. টিমোথি উইন্টার (শেখ আবদাল হাকিম মুরাদ), মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ, তালিবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং মালয়েশীয় মুসলিম দার্শনিক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ নাকীব আল-আত্তাস।

বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মগুলোর অন্যতম ইসলাম। বিশ্বজুড়ে এ ধর্মের অনুসারী তথা মুসলিমদের সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। দেশ, জাতি ও গোষ্ঠী পৃথক পৃথক হলেও তারা সবাই এক উম্মাহ তথা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ। বিশ্বে মোট ৫৬ টি মুসলিমপ্রধান দেশ আছে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২০% এশিয়ায় বসবাস করে।

উল্লেখ্য, ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকা প্রকাশ করে আসছে।

আরও পড়ুন