শনিবার ২১ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়/ছবি: পিএমও

পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, এ সময় তারা একে অপরের খোঁজ-খবর নেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন।

সাক্ষাতে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পবিত্র ঈদের এই মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

এর আগে, সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর-এর প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত ওই জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

নামাজ শেষে সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন প্রধানমন্ত্রী। এ সময় সকাল থেকেই তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন