শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রথম অধিবেশনেই পেশ হবে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Ordinance 133 issued by the interim government will be presented in the first session
প্রথম অধিবেশনেই পেশ হবে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ/ছবি: সংগৃহীত

আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। দেশে মামলার জট একটি প্রকট সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

নরসিংদী-এর চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটা তৎপর ছিলাম, এখন তার চেয়েও বেশি সক্রিয় ভূমিকা দেখতে পাবেন।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ।

আরও পড়ুন