
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৪১৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৩৮ হাজার ৩৩৫ জন এবং নারী ২৫ হাজার ৮২ জন।
রবিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত বিদেশে থাকা বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়া জন্য নিবন্ধনে ইসির ওয়েবসাইট https://portal.ocv.gov.bd থেকে বিষয়টি জানা গেছে।
এদিকে দেশ ভিত্তিক নিবন্ধনে সবচেয়ে এগিয়ে রয়েছে সৌদি আরব। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীদের ১ লাখেরও বেশি প্রবাসী ভোটার ইতিমধ্যে রেজিস্ট্রেশন শেষ করেছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৬১৭ জন এবং নারী ৬৫৩ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে কাতার, যার নিবন্ধন সংখ্যা ৩৪ হাজারেরও বেশি। তৃতীয় স্থানে থাকা মালয়েশিয়া নিবন্ধন হয়েছে ২৪ হাজারেরও বেশি।
এর পরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখানে নিবন্ধন ২২ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন ২১ হাজারেরও বেশি, এবং ওমান থেকে নিবন্ধন পাওয়া গেছে ১৯ হাজারেরও বেশি।
সিঙ্গাপুর থেকে নিবন্ধন এসেছে ১৬ হাজারেরও বেশি। যুক্তরাজ্যে নিবন্ধন হয়েছে ১৪ হাজারেরও বেশি। কুয়েতে নিবন্ধন হয়েছে ১১ হাজারেরও বেশি।
এছাড়াও নিজ দেশে তেকেও নিবন্ধন করেছে ১২ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪৭৭ জন এবং নারী ১৮২ জন।
অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে ইতালি ১১,১৬৬ জন, কানাডা ১০,১৪০ জন, দক্ষিণ কোরিয়া ৯,৭১২ জন, অস্ট্রেলিয়া ৮,৪২৬ জন,জাপান ৭,১৬০ জন, বাহরাইন ৫,৪৯৭ জন ও মালদ্বীপ ৫,৪৫৫ জন নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের মতে, আউট অব কান্ট্রি ভোটিং ব্যবস্থায় আগ্রহ বাড়ায় প্ল্যাটফর্মটি আরও সহজ করা হয়েছে। যাচাই–অনুমোদন প্রক্রিয়াও দ্রুততর করা হচ্ছে।
তাদের আশা, এ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ হবে রেকর্ডসংখ্যক।
এর আগে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের সহ বিভিন্ন নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
ইসি জানিয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’’ অ্যাপ এ সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারী শনাক্ত করা হবে। রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নিবন্ধন করবেন।
এদিকে আজ রোববার দুপুর ১২ টা পর্যন্ত ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে ১১ হাজার ১৯৮ জন পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।









