বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

নোবিপ্রবিতে এসিসিই বিভাগের ডিগ্রি জটিলতা, প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা

মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

Novi Prabiten ACCE department degree complications, students lock administrative building
নোবিপ্রবিতেন এসিসিই বিভাগের ডিগ্রি জটিলতা, প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা/ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ডিগ্রি জটিলতার সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, প্রায় এক বছর ধরে ক্লাস–পরীক্ষা বর্জন করে তারা আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুয়েটের দুই শিক্ষক ও বিভাগের শিক্ষকদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলে অনুমোদনের পর ইউজিসিতে পাঠানো হয়। এতে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন।

আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসিসিই বিভাগের তিনজন শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেন। বৈঠকে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মতো ডিগ্রি প্রদানের দাবি জানান। তবে ইউজিসি ও প্রশাসন সিদ্ধান্ত নেয়, প্রথমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ডিগ্রি প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। পরে নোবিপ্রবির এসিসিই বিভাগের ডিগ্রি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে এসিসিই বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমরা আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, সিলেবাস ও তুলনামূলক বিশ্লেষণ প্রশাসনের কাছে দিয়েছি। কিন্তু সেগুলো গুরুত্ব পায়নি। এতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।”

প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী থেকে নোবিপ্রবির এসিসিই বিভাগের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিগ্রি জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত বিভাগ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলে থাকবে।

আরও পড়ুন