বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনে মোবাইল কোর্ট পরিচালনায় ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - People's Republic of Bangladesh
জনপ্রশাসন মন্ত্রণালয়/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তারা নির্বাচনী আচরণবিধি তদারকির পাশাপাশি অপরাধ প্রতিরোধ এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত তারা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।

নির্বাচনী দায়িত্ব পালনের আগে আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যোগদান করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনের পূর্বে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা প্রদান করবেন।

আরও পড়ুন