বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Muhammad Yunus
ড. মুহাম্মদ ইউনূস/ছবি: পিআইডি

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক বিষয়ে ব্রিফিং করেন প্রেসসচিব।

প্রেস সচিব জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে চেষ্টা করা হবে।

হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।’
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে।

এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে।

নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে— এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।’

নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশিসংখ্যক টিভিসি, ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করা এবং তা যেন খুব দ্রুত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আসে, সেই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রেসসচিব।

আরও পড়ুন