
শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককে সঠিকভাবে গড়ে তুলতে হবে। এ জন্য স্কুল-কলেজে ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে পড়াশোনার পাশাপাশি তারা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেখানে ছয় থেকে সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।
ভাষা শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয় থেকে সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।
এ সময় রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রাণী ও জীবজন্তুর প্রতিও যত্নশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে তারেক রহমান বলেন, আপনজনদের জন্মদিনে তাদের উপহার হিসেবে গাছ দেওয়া যেতে পারে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে। পরিবেশ ভালো হলে তার সুফল সবাই ভোগ করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের দক্ষতা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও অর্জন করতে হবে। এসব গুণের সমন্বয়েই তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
এদিকে, সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।
এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিক্যাল কলেজের নয়জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ ভবনের লাইব্রেরি পরিদর্শন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।










