
চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক প্রবাহে নভেম্বর মাসেও রেমিট্যান্সের ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।
অর্থবছরের হিসাবেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।









