সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

নববর্ষ ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা, মাঠে ৩০৮টি টহল টিম

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Tight security across the country for New Year, 308 patrol teams on the ground
নববর্ষ ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা, মাঠে ৩০৮টি টহল টিম/ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ সনের পহেলা বৈশাখ উদযাপন ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

র‍্যাব মহাপরিচালক বলেন, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, তবুও সম্ভাব্য যেকোনো নাশকতামূলক হামলা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্সকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে ১৮১টি পিকআপ পেট্রোল টিম এবং ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিম—মোট ৩০৮টি টহল টিম। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে নববর্ষ উদযাপন উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। একই সঙ্গে দেশব্যাপী গৃহীত নিরাপত্তা প্রস্তুতির বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি।

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল যেমন—শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসব এলাকায় চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

র‍্যাব ডিজি আরও বলেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতোমধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এসব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সারাদেশে কন্ট্রোল রুম স্থাপন, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন