সোমবার ২৬ অক্টোবর, ২০২৬

নকল কয়েল ও মেয়াদ না লিখে কেক বিক্রি, কুমিল্লায় চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Consumer Rights Directorate fines four establishments in Cumilla for selling counterfeit mosquito coils and cakes lacking expiry date information.
নকল কয়েল ও মেয়াদ না লিখে কেক বিক্রি, কুমিল্লায় চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

কুমিল্লা মহানগরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন না করা, বেশি দামে ভোজ্যতেল বিক্রি, নকল কয়েল বিক্রি এবং পণ্যের মেয়াদ ও আমদানিকারকের তথ্য না থাকাসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহানগরের বাদশা মিয়ার বাজার, কান্দিরপাড় ও নবাববাড়ি-চর্থা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও সংশ্লিষ্ট মার্কেট কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অভিযানে আদা-রসুন, মুদি পণ্য, মাছ, মাংস, মুরগি ও শাকসবজির বাজার তদারকি করা হয়। এ সময় ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করা, ভোজ্যতেল বেশি দামে বিক্রি, নকল ‘বাওমা’ কয়েল বিক্রি, পার্টি কেকের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের সিল বা স্টিকার না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে ষোল আনা স্টোরকে ৩ হাজার টাকা, আজমত আলী স্টোরকে ২ হাজার টাকা, সুমন ক্র্যাকারি পেস্ট্রি শপকে ১০ হাজার টাকা এবং সদায় সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন