
চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জে ধান কাটার সময় মিলন আলী (৪০) নামের এক কৃষককে রাসেলস ভাইপার কামড় দিয়েছে।পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে জীবিত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের চর এলাকার এ ঘটনা ঘটে। মিলন আলী (৪০) পাকা ইউনিয়নের কানছিড়া গ্রামের তোবজুল হকের ছেলে।
পাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক সাংবাদিকদের জানান, গতকাল বেলা ১১টার দিকে পাকা ইউনিয়নের চর এলাকায় ধান কাটার সময় মিলন আলীকে সাপ কামড় দেয়।
এ বিষয়ে কৃষক মিলন আলী বলেন, বগলাউড়ি গ্রামের পাশে পদ্মার চরে ক্ষেতে কাজ করছিলাম। এ সময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেল ভাইপার সাপ দেখতে পান। পরে সাপটিকে জীবিত অবস্থায় ধরে সঙ্গে সঙ্গে উপজেলা হাসপাতালে চলে আসি।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সেলিম রেজা জানান, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের সময় রোগীকে হাসপাতালে আনা হয়। আক্রান্ত ব্যক্তির সঙ্গের লোকেরা সাপটি নিয়ে হাসপাতালে এসেছিলেন। এটি রাসেলস ভাইপার। আমরা দ্রুতই তাঁর চিকিৎসা শুরু করি।







