
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
ফোনালাপে তারেক রহমান তাঁর নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ফোনালাপের সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন,
“আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।”
ভিডিওতে আরও দেখা যায়, ফোনালাপের শেষ পর্যায়ে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে দোয়া চান এবং সালাম দিয়ে কথা শেষ করেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।









