শনিবার ৪ এপ্রিল, ২০২৬

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’—আশঙ্কা সংসদীয় হুইপের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - A large number of people may have to leave Dhaka within two months - warning from parliamentary whip
‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’—সতর্কবার্তা সংসদীয় হুইপের/ছবি: সংগৃহীত

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এই অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি শুধু আন্তর্জাতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়; এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। তাই এখনই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সকলকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন।

আরও পড়ুন