
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (৫ মে ২০২৬) দেওয়া ওই ডিও লেটারে তিনি উল্লেখ করেন, প্রায় ৫৪ বছর আগে প্রতিষ্ঠিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যার হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ত গৌরীপুর মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত হাসপাতালটির অবকাঠামো দীর্ঘদিনের পুরোনো হওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে।
ডিও লেটারে বলা হয়, হাসপাতালটির ভূমির উচ্চতা বর্তমানে মহাসড়কের তুলনায় নিচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের পাশাপাশি জরুরি চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে এবং পানিজটের কারণে সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়া দাউদকান্দি উপজেলার জনসংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার চাহিদা বাড়লেও পুরোনো অবকাঠামো ও সীমিত সুযোগ-সুবিধার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রয়োজনীয় সেবা দিতে পারছে না বলেও উল্লেখ করা হয়েছে। ফলে উন্নত চিকিৎসার জন্য সাধারণ মানুষকে দূরবর্তী স্থানে যেতে হচ্ছে, যা সময় ও ব্যয়ের দিক থেকে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে বর্তমান অবকাঠামো ভেঙে ভূমি উঁচু করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৫০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে ডিও লেটারে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।










