শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ এমপির গেজেট প্রকাশ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম-পরিচয়সহ অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর রাতেই প্রকাশ করা হয় নির্বাচিতদের গেজেট।

ইসি সচিব জানান, বেসরকারিভাবে ঘোষিত ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সংবলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। এছাড়া এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন