
কুমিল্লার লাকসামে একটি মাদ্রাসার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৯ মার্চ) রাতে পৌরসভার মিশ্রী এলাকায় অবস্থিত লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেডের ওই ভবনে অর্ধশতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা ছিল। অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও তা এড়ানো সম্ভব হয়েছে।
মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, রাত সোয়া ৮টার দিকে রান্নাঘরের পাশের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের সিলিং ধরে দ্রুত পুরো কক্ষে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় ছাত্র ও শিক্ষকরা সবাই মসজিদে তারাবির নামাজে ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. জাহিদুল মাওলা চৌধুরী হেলাল জানান, প্রায় ১২৫ ফুট লম্বা নতুন টিনশেড ভবনটিতে ৪৩ জন আবাসিক শিক্ষার্থী থাকতেন। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না হলেও প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।









