
রাজধানী ঢাকার মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, ডিএমপিতে ২১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।
আজ সোমবার (১ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঢাকা শহরে ২১৪৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।
তিনি বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে।
সব দিক বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে, যেখানে ট্রলার দিয়ে যেতে হয়। সব বিবেচনা করে আমাদের নিরাপত্তাব্যবস্থা মজবুত বলে মনে করছি।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে টহলপার্টি স্টাইল হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে। প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
এর আগে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।









