
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাওটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বর্তমানে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আপলাইনে চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল কর্ণফুলী কমিউটার ট্রেনটি। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আপলাইনে চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা করছেন সংশ্লিষ্টরা।










