
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী মোট আটটি ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, আজ (শনিবার) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। এর ফলে চট্টগ্রাম টু ঢাকাগামী দুটি ডোমেস্টিক ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক টু ঢাকা, এয়ার এরাবিয়ার মধ্যপ্রাচ্য টু ঢাকা, ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটসহ মোট ৮টি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এর আগে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আরও ১৩টি ইউনিট যাচ্ছে। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বরতরাও কাজ করছে।










