শুক্রবার ৭ আগস্ট, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রী-চালক

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Long traffic jam on the Comilla section of the Dhaka-Chattogram Highway
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল থেকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর থেকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়, কুমিল্লা ক্যান্টনমেন্টসংলগ্ন আমতলী এলাকায় ঢাকামুখী লেনের একাধিক স্থানে টানা বৃষ্টির কারণে সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বড় বড় গর্ত এড়িয়ে যানবাহন চলাচল করায় যান চলাচলের গতি কমে যায়। একপর্যায়ে কিছু যানবাহন উল্টো পথে চলাচলের চেষ্টা করলে যানজট চট্টগ্রামমুখী লেনেও ছড়িয়ে পড়ে। ফলে মহাসড়কের উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকে থাকা বাসচালক মো. রফিকুল ইসলাম বলেন, “সকাল থেকে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। দীর্ঘ সময় ইঞ্জিন চালু রাখতে হওয়ায় জ্বালানি খরচও বেড়ে যাচ্ছে।”

ঢাকা থেকে কক্সবাজারগামী বাসযাত্রী শারমিন আক্তার বলেন, “সকাল ৭টার দিকে কুমিল্লা অংশে প্রবেশ করেছি। কিন্তু তিন ঘণ্টারও বেশি সময় ধরে একই এলাকায় আটকে আছি। সঙ্গে ছোট সন্তান রয়েছে। দীর্ঘ যানজটের কারণে খুবই কষ্ট হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই আমতলী এলাকায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করায় প্রতিবছর হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিককে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আনিসুর রহমান বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় সড়ক ও জনপদ বিভাগের সংস্কার কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।”

আরও পড়ুন