শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টিকটকে পরিচয়, ইমুতে প্রেম: ঢাকা থেকে কুমিল্লায় এসে ধর্ষণের শিকার কিশোরী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - stop rape
প্রতীকী ছবি/সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে ঢাকা থেকে কুমিল্লায় এসেছিল ১৩ বছরের এক কিশোরী। প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে শেষ পর্যন্ত তাকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ রাজীব আহমেদ (২০) পলাতক রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শনিবার ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রাজীব আহমেদের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ঢাকা থেকে কুমিল্লায় আসে কিশোরীটি।

রাত ৯টার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়। পরে তারা একটি হোটেলে খাবার খায়। রাত ১টার দিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাজীব তাকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ।

কিশোরীর অভিযোগ, সেখানে পাহাড়ের পাদদেশের একটি নির্জন স্থানে নিয়ে রাত ৩টা পর্যন্ত তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে রাজীব সেখান থেকে পালিয়ে যায়।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ১৩ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কিশোরীর কাছে থাকা ছবি ও মোবাইল ফোনের তথ্যের সূত্র ধরে অভিযুক্ত রাজীবের পরিচয় শনাক্ত করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

অভিযুক্ত রাজীব আহমেদ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

দেবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন