বুধবার ১১ নভেম্বর, ২০২৬

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ, দেশে ফিরলেন আরও ৪৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Terminal 2
ছবি: সংগৃহীত

অনিয়মিত পথে ইউরোপে পাড়ি জমিয়ে বৈধ কাগজপত্র না থাকায় আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ৯টার দিকে বিশেষ ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়। পরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে ফেরার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ফেরত আসা ৪৪ জনকে বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের পুনর্বাসনে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, এতদিন লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। তবে চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন। এ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

শরিফুল হাসান আরও বলেন, ইউরোপের দেশগুলো অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে।

তিনি বলেন, ইউরোপে যাওয়ার আশায় অনেকেই ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করছেন। অথচ শেষ পর্যন্ত দেশে ফিরতে হচ্ছে তাদের। অনেকে মনে করেন, যেকোনো উপায়ে ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে। এই ভুল ধারণা থেকে মানুষকে বের করে আনতে হবে।

এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন বলে জানান শরিফুল হাসান। এ কারণে বিদেশগামীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা না করে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়া উচিত।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।

উল্লেখ্য, ইউরোপ থেকে নথিপত্রহীন ও অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এ প্রক্রিয়ার আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা হয়।

একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশও বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিচ্ছে।

আরও পড়ুন