
জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে তাদের ধারণাগত ও নৈতিক বোঝাপড়া জোরদারে তিনদিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে টিআইবি।
“জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর সদস্য সাংবাদিকরা। ১০ থেকে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত গাজীপুরের BRAC Centre for Development Management-এ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জ্বালানি খাতে অনুসন্ধানী প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এর অন্যতম কারণ হিসেবে তিনি ‘ফসিল ফুয়েল’ লবির প্রভাবকে উল্লেখ করেন। তিনি বলেন, তথ্যনির্ভর অনুসন্ধানী প্রতিবেদন যত বেশি প্রকাশ পাবে, ততই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।
প্রশিক্ষণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডেটা সাংবাদিকতা, তথ্যের উৎস ও প্রাপ্যতা, অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল ও সরঞ্জাম, সুশাসনের ঝুঁকিপ্রবণ ক্ষেত্র এবং বৈশ্বিক প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডেটা বিশ্লেষণ ও উপস্থাপনের আধুনিক পদ্ধতিও তুলে ধরা হয়।
দলগত আলোচনা ও অনুশীলনে অংশ নিয়ে সাংবাদিকরা নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া, বিদেশি বিনিয়োগ, ভূমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং বিদ্যুৎ ক্রয় চুক্তিসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা এবং বিশেষায়িত জ্ঞানের ঘাটতি অনুসন্ধানী সাংবাদিকতার বড় বাধা হিসেবে কাজ করছে।
অংশগ্রহণকারীরা জ্বালানি খাতে আরও বিস্তৃত ও বিশ্বাসযোগ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এসময় তারা প্রশিক্ষণ আয়োজনের জন্য টিআইবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফইআরবির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ এবং ভাইস চেয়ারম্যান হাসান আজাদ।। প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।









