সোমবার ১ জুন, ২০২৬

‘জামায়াত আগামীতে ক্ষমতায় আসবে’—কুমিল্লায় ডা. তাহের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Jamaat will come to power in the future - Dr. Taher in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংসদে মন্ত্রীরা অধিবেশন চলাকালে মাসে একবার কথা বললেও তিনি প্রতিদিন দুই থেকে তিনবার বক্তব্য দেওয়ার সুযোগ পান। এ কারণে তার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি বলে মন্তব্য করেন তিনি।

আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে বলে আশা রেখে তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে।

রোববার (৩১ মে) উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, বিরোধীদলীয় উপনেতা হিসেবে তার অফিসিয়াল স্ট্যাটাস প্রতিমন্ত্রীর সমপর্যায়ের। তিনি জানান, সরকারি প্রটোকল ও জাতীয় পতাকাবাহী গাড়িতে ঢাকা থেকে চৌদ্দগ্রামে এসেছেন, যা সাধারণত মন্ত্রীদের জন্য বরাদ্দ থাকে।

তিনি বলেন, “আমি গর্ব করার জন্য বলছি না। বিরোধী দলে থেকেও প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া এবং রাষ্ট্রীয় প্রটোকল পাওয়া অবশ্যই সম্মানের বিষয়। বর্তমানে জাতীয় রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।”

চৌদ্দগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এলাকায় অবকাঠামোগত উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ এনেছেন। জাতীয় নির্বাচন শেষে মাত্র তিন মাসের মধ্যেই আরও ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, “সরকারের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি সরকার পাঁচ বছর দায়িত্বে থাকতে পারে, তাহলে এ এলাকার উন্নয়নের বরাদ্দ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।”

চৌদ্দগ্রামের প্রধান সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদক ব্যবসাকে চিহ্নিত করে ডা. তাহের বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের জন্য ছয় মাস সময় দেওয়া হলো। এ সময়ের মধ্যে তারা যেন অন্য কোনো পেশায় যুক্ত হয়। এরপরও কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসার কোনো স্থান হবে না। সমাজের ভালো মানুষদের সঙ্গে নিয়ে আমার নেতৃত্বেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হবে।”

চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন