শনিবার ২১ মার্চ, ২০২৬

জাতীয় ঈদগাহে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

রাইজিং কুমিল্লা ডেস্ক

জাতীয় ঈদগাহে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ৩৬ বছর পর একসঙ্গে এই প্রধান জামাতে অংশগ্রহণ জাতীয় জীবনে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ-বিদেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাধারণ মুসল্লিরা।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করেন।

ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের জন্য সংরক্ষিত স্থানের ব্যবস্থা ছিল। এছাড়া ছিল পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা।

নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে প্রবেশ করেন মুসল্লিরা।

মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। এদিন ভোর থেকেই রাজধানীর নানান প্রান্ত থেকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের জামাত শুরুর অনেক আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পর ঈদগাহে প্রবেশ করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন