
২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন–পিবিসি) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়।
পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়।
শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘকে সহায়তা করে থাকে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।
বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই পিবিসির সদস্য হিসেবে যুক্ত রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।
একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তাঁর চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তাঁরা পিসবিল্ডিং কমিশনের ভূমিকা ও গুরুত্বের ওপর বক্তব্য প্রদান করেন।
এ উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখার জন্য কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একইসঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম, চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র: ইউএনবি







