
সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কার্যক্রমে সক্রিয় থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন।
এসময় কার্যালয়ে উপস্থিত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনেও প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি। সেদিন নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এ এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে।
পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ইফতার মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।








