রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

চিন্তা করে ভোট দেবেন, যাতে পরে পস্তাতে না হয়—উপদেষ্টা রিজওয়ানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Vote thoughtfully so that you don't have to regret it later - Advisor Rizwana
চিন্তা করে ভোট দেবেন, যাতে পরে পস্তাতে না হয়—উপদেষ্টা রিজওয়ানা/ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণকে দুটি গুরুত্বপূর্ণ ভোট দিতে হবে—একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটে। এই দুটি ভোটই বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করবে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার গুলশান-২ নগর ভবনে আয়োজিত ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে ভোট দেব। সেদিন দুটি ভোট দিতে হবে। সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেটা চিন্তা করে দেবেন—যাতে পরে পস্তাতে না হয়। একই দিনে যে দ্বিতীয় ভোটটি দেবেন, সেটি হচ্ছে গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি বড় সিদ্ধান্ত।”

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শাসকগোষ্ঠীর ভার যদি জনগণের পক্ষে রাখতে হয় এবং ক্ষমতা যদি জনগণের দিকে রাখতে চাই, তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।

তিনি আরও বলেন, “দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে উত্তরটি ‘হ্যাঁ’ হতে হবে। এই সুযোগ হেলায় হারালে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আরও অনেক বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে।”

গণভোটের প্রস্তাবনাগুলো ভালোভাবে পড়া ও বোঝার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্যগুলো পর্যালোচনা করে সংস্কারের পক্ষে সচেতন মতামত ব্যক্ত করতে হবে।

তরুণ সমাজকে উদ্দেশ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “তরুণরা যেভাবে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে, তাতে শুধু খুশি হয়ে বসে থাকলে চলবে না। অতীতের মতো স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জন যেন বৃথা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

তিনি আরও বলেন, “ভয়কে আমাদের জয় করতে হবে। বাংলাদেশের মানুষ বারবার ভয়কে জয় করেছে। তরুণরা আমাদের জন্য গণতন্ত্রের ভিত্তি রচনায় যে আত্মবিসর্জন দিয়েছে, তার প্রতিফলন আমরা ১২ ফেব্রুয়ারির ভোটে প্রয়োগ করব।”

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান

  • স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান

  • লেখক ও গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খান

  • ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন