বুধবার ৪ মার্চ, ২০২৬

চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছাতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Prime Minister Tarique Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি : পিএমও

জনগণের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নীতি হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এরই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি ও অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের এসব ভবনকে জনসেবামুখী স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করতে হবে।

সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে। এই হার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও কার্যকর ও তৎপর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

দুর্গম ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগিদ দেন প্রধানমন্ত্রী। সারা দেশে সমানভাবে চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন