শনিবার ৭ নভেম্বর, ২০২৬

চান্দিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

RisingCumilla - Observance of National Revolution and Solidarity Day in Chandina
চান্দিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

কুমিল্লার চান্দিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ দিবসের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বার্থে বিভেদ ভুলে জাতীয় ঐক্য সুসংহত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম. ইঞ্জারুল হক, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. আ. হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী গোলাম উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, উপজেলা সমবায় কর্মকর্তা মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন