রবিবার ১৫ নভেম্বর, ২০২৬

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - President urges to improve quality of university education according to job market needs
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিইউপিতে সাইবার নিরাপত্তা, ন্যানোপ্রযুক্তি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

উপাচার্য আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন