শনিবার ১২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে ৫৭১ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 571 meritorious students felicitated in Chandpur
চাঁদপুরে ৫৭১ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুনিরা ভবনে জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রথমবারের মতো এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এ বছর চাঁদপুর জেলায় এসএসসি পরীক্ষায় ১ হাজার ২২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সদর ও হাইমচর উপজেলায় ৫৫৫ জন জিপিএ-৫ পেয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির হারও ৯২ শতাংশ।

তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায় যুক্ত থাকতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাইমচর কলেজসহ জেলার সব কলেজের শিক্ষার মান এক করার উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে চাঁদপুর মেডিকেল কলেজ থেকে আটটি সেশনের শিক্ষার্থী বের হয়েছেন বলেও জানান তিনি।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান, তোমরা দেশ পরিবর্তনে অংশ নেবে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও ভূমি দখলদারদের চাঁদপুরে কোনো জায়গা হবে না। মাদক সংক্রান্ত কোনো তথ্য পেলে ৯৯৯-এ ফোন করার পাশাপাশি ছবি বা ভিডিও পাঠানোর আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, ‘তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।’ তিনি শিক্ষার্থীদের ফেসবুক ও মেসেঞ্জার থেকে দূরে থাকার পরামর্শ দেন।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার সঞ্চালনায় আরও বক্তব্য দেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক এটিএম মোস্তফা হামিদী, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম, হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এবং অভিভাবক জোছনা আক্তার মমতাজ ও রতন কুমার বাইন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের তাজবীর হান্নান, নীলকমল মাদ্রাসার ফারিহা এবং হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মেহজাবিন ইসলাম।

আলোচনা শেষে সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। পরে প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ১ হাজার টাকা করে প্রাইজবন্ড দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা স্বজনদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

আরও পড়ুন