
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই, ৫০ মিটার মশারি জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ছয়টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
নৌ পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ছয় জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।
এ ছাড়া একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে কালিরচরা, ষাটনল ও বাহাদুরপুর-সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও চার জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭০০ মিটার কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথকভাবে ছয়টি মামলা করা হয়েছে। বুধবার তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।







