
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের শুল্ক-করাদিসহ আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে আসেন মো. শরীফ নামের এক যাত্রী।
বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রী স্বর্ণালংকার বহনের কোনো ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশির সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে ওই যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করাদিসহ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।







