
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক বিরোধের চরম জের ধরে স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রী মমতা বেগমের (২৫) বিরুদ্ধে।
এ ঘটনায় গুরুতর আহত স্বামী মামুন মিয়া (৩২) বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এই লোমহর্ষক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, আহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে এবং অভিযুক্ত মমতা বেগম একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলাপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় পাঁচ-ছয় বছর আগে তাঁদের মধ্যে বিবাহ হয় এবং এই দম্পতির সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার রাতে রাতের খাবারের সঙ্গে মামুন মিয়াকে সুকৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়। ওষুধ সেবনে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে স্ত্রী মমতা বেগম ঘরে থাকা মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে এলোপাতাড়ি ও নৃশংসভাবে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় বিছানায় লুটিয়ে পড়েন এবং গুরুতর জখম হন। স্বামী নিস্তেজ হয়ে পড়ার পর তাঁকে ঘরে ফেলে রেখেই স্ত্রী পালিয়ে যান।
এদিকে, পৈশাচিক এই ঘটনায় আহত মামুন মিয়ার রক্তাক্ত ও গুরুতর জখম হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে তদন্ত সাপেক্ষে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।








