রবিবার ২৬ এপ্রিল, ২০২৬

গরমে অতিষ্ঠ জনজীবন, আরও ৩ দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

রাইজিং ডেস্ক

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, তাপমাত্রা আরও দুদিন থাকতে পারে
ছবি: সংগৃহীত

গরমে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অফিস জারি করেছে ‘হিট অ্যালার্ট’। আজ সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘হিট অ্যালার্ট’ বা তীব্র তাপপ্রবাহের সময় আরও ৭২ ঘণ্টা বাড়িয়ে সতর্কবার্তা দিয়েছেন। মানে আগামী তিন দিন ‘হিট অ্যালার্ট’ জারি থাকছে। 

প্রচণ্ড দাবদাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বাইরে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। এ ছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, প্রচণ্ড দাবদাহে গত ২০ এপ্রিল প্রথম দফায় সারা দেশে ‘হিট অ্যালার্ট’ জারি করে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বিপুল সংখ্যক যানবাহন আর সবুজের অভাব থাকা ইটপাথরের এই নগরে এমন উচ্চ তাপমাত্রায় শ্বাসরুদ্ধ অবস্থা দেখা দেয়। এটি এ মৌসুমে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, কোনো অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে সেটিকে অতি-তীব্র তাপদাহ হিসেবে চিহ্নিত করা হয়, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। আর ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

আরও পড়ুন