
অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা জানান তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা ও ইকোসিস্টেমের মধ্যে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে এখনো পুরোপুরি যুক্ত হওয়া সম্ভব হয়নি। তথ্য মন্ত্রণালয় যে সময়ে গড়ে উঠেছে, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের যে ব্যাপক প্রসার ঘটেছে, তার সঙ্গে প্রয়োজন অনুযায়ী খাপ খাওয়ানো এখনো সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে **বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)**র অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খায়রুল আলম সুমন, পুলিশ সুপার **ফারজানা ইসলাম**সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।








