
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে জানিয়ে নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে অযাচিত নিয়ন্ত্রণ নয়, বরং নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা রাখাই সরকারের লক্ষ্য। গণমাধ্যম ও সংশ্লিষ্ট খাত পরিচালনায় প্রয়োজনীয় নীতিমালা ও নিয়মকানুনের মাধ্যমে কার্যকর নিয়ন্ত্রণ কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নতুন দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় তার দায়িত্ব অনুযায়ী রেগুলেট করবে, তবে কোনোভাবেই যেন সেই দায়িত্ব কন্ট্রোলের পর্যায়ে না যায়। গণমাধ্যম ও সংশ্লিষ্ট খাতে অযাচিত হস্তক্ষেপের পরিবর্তে প্রয়োজনীয় নিয়মনীতি ও নীতিমালার মাধ্যমে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নিয়েছে। সরকার শতভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার জায়গা থেকে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেসব ক্ষেত্রেও মন্ত্রণালয়কে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করে আন্দালিব রহমান পার্থ বলেন, ওই আন্দোলনে তাদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, বাংলাদেশকে একটি নতুন দিকে নিয়ে যেতে চায় সরকার। সবচেয়ে বড় বিষয় হলো—যেসব ক্ষত তৈরি হয়েছে সেগুলো মেরামত করা এবং নতুন ব্যবস্থা গড়ে তোলা।
মন্ত্রণালয়ের কার্যক্রমে যেন কোনো ধরনের অন্যায় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। ভবিষ্যতে সঠিকভাবে এবং সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।









