
কুমিল্লার আদর্শ সদর উপজেলার গর্জনখোলা ও নুরপুর এলাকায় শিশু খাদ্য তৈরির দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গর্জনখোলা এলাকার ‘জাকির ফুড প্রডাক্ট’-এ মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি, পোড়াতেল ব্যবহার করে খাদ্য ভাজার অভিযোগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের বিষয়টি পাওয়া যায়। এছাড়া পোকাযুক্ত আটা ব্যবহারের বিষয়টিও অভিযানে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নুরপুর এলাকার ‘মনির ফুড প্রডাক্ট’-কে একই ধরনের অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে খাদ্য তৈরিতে ব্যবহৃত তেলের মান কিটের মাধ্যমে ঘটনাস্থলে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দল।
অভিযানে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।










