সোমবার ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় মসলার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Risingcumilla - Directorate of National Consumer Rights Protection raids spice mill in Cumilla, fined Tk 1 lakh.
কুমিল্লায় মসলার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় মসলার মিলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভালো মরিচের সঙ্গে পচা মরিচ মেশানো, নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া প্রক্রিয়াজাত ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘ভাই ভাই মসলার মিল’ নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মসলা ভাঙানোর সময় ভালো মরিচের সঙ্গে পচা মরিচ মেশানো এবং নিষিদ্ধ সিঁদুর রং ব্যবহার করার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ সময় রং মেশানো মরিচের গুঁড়া এবং পচা ও পোকায় খাওয়া মরিচ ধ্বংস করা হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

ভোক্তাদের নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে এবং ভেজালবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন